দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্যসহ ২০ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চন ব্রিজসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুড়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মানিক মিয়া, পাড়াগাঁও এলাকার বাদল মিয়ার ছেলে শাহাদাত হোসেন সেলিম, মুড়াপাড়ার রনি ও রাসেল মিয়া, জামালপুরের সুমন খান, মত্তুজাবাদের জাহাঙ্গীর, মঙ্গলখালীর আলমগীর এবং চুমকি, আঁখি, রিয়া, কারিমা, জান্নাত ও স্বপ্নাসহ ২০ জন।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে একটি পিকনিকের ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলার থেকে বিদেশি মদ, বিয়ার ও জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস উদ্ধার করা হয়। পরে ট্রলারে অবস্থানরত নারী-পুরুষদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, পিকনিকের নামে ট্রলারে মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সাত নারীসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক নারীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত সাত নারী ও ১১ পুরুষকে অর্থদণ্ড এবং দুইজনকে কারাদণ্ড দেন।
এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এমএস/